এজেন্সি তত্ত্ব ও প্রতিনিধি সমস্যা: ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
ভূমিকা: বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায় দুনিয়ায় আলোড়ন সৃষ্টিকারী বেশ কয়েকটি তত্ত্বের উদ্ভব হয়, যার মধ্যে এজেন্সি তত্ত্ব একটি উল্লেখযোগ্য তত্ত্ব হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন শ্রেণির স্বার্থের দ্বন্দ্বকে পরিহার বা হ্রাস করার জন্য এজেন্সি তত্ত্বের জন্ম হয়। এজেন্সি তত্ত্বে দুটি বিষয় বা দুটি পক্ষ নিয়ে আলোচনা করা হয়ে থাকে; যার মধ্যে একটি পক্ষ হলো প্রধান ব্যক্তি এবং অপর পক্ষ হলো প্রতিনিধি বা এজেন্ট।
এজেন্সি তত্ত্ব
এজেন্সি তত্ত্বের প্রধান দিক হলো দুটি। মূলত দুটি বিষয়ের উপর ভিত্তি করেই এজেন্সি তত্ত্বের সৃষ্টি হয়ে থাকে। একটি পক্ষ হলো প্রধান বা মুখ্য ব্যক্তি এবং অপরটি হলো প্রতিনিধি বা এজেন্ট। সাধারণত ব্যবসায়ের ক্ষেত্রে সামনে ব্যবস্থাপকদের ব্যক্তিগত উদ্দেশ্যসমূহকে স্থান দেওয়ার সম্ভাবনাকে প্রতিনিধিত্ব সমস্যা বা এজেন্সি সমস্যা বলা হয়। ব্যবসায়ের উদ্দেশ্য অর্জন এবং কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে মালিক-শ্রমিক, মালিক-ব্যবস্থাপনা, দেনাদার-পাওনাদার এরূপ এক বা একাধিক পক্ষের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সৃষ্ট দ্বন্দ্ব বা স্বন্দ্বসমূহকে এজেন্সি বা প্রতিনিধি সমস্যা বলা হয়।
বিভিন্ন লেখক ও বিশারদগণের সংজ্ঞা
নিচে বিভিন্ন লেখক এবং বিশারদগণের প্রদত্ত সংজ্ঞা নিয়ে আলোচনা করা হলো:
Brigham and Ehrhardt-এর মতে, "মালিক এবং তার প্রতিনিধিদের মধ্যে স্বার্থজনিত বিষয়ের সৃষ্টি হতে পারে এমন অবস্থাকে এজেন্সি সমস্যা বলা হয়।"
James C. Van Horne বলেন, "এজেন্সি হলো অর্থনীতির একটি শাখা যা মূল ব্যক্তি এবং প্রতিনিধিদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনার সাথে সম্পর্কযুক্ত বা সংশ্লিষ্ট।"
L. J. Gitman-এর মতে, "ব্যবসায়ের উদ্দেশ্যের স্থানে ব্যবস্থাপকের ব্যক্তিগত উদ্দেশ্যসমূহকে স্থান দেওয়ার সম্ভাবনাকে প্রতিনিধিত্ব সমস্যা বলা হয়।"
L.S. Porwal বলেন, "এজেন্সি তত্ত্ব দুই বা ততোধিক ব্যক্তিকে নিয়ে আলোচনা করে যার একপক্ষ হলো প্রতিনিধি এবং অপর পক্ষ হলো মূল ব্যক্তি।"
Van Horne & Wachowicz-এর মতে, "এজেন্সি বিষয় অর্থশাস্ত্রের এমন একটি শাখা যা প্রধান মালিক বা মালিক পক্ষ এবং তাদের নিযুক্ত প্রতিনিধিসমূহ, যেমন- ব্যবস্থাপক, উক্ত দুই শ্রেণির আচরণের সাথে সম্পর্কযুক্ত।"
Brealey, Myers বলেন, "এজেন্সি সমস্যা হলো মালিক ও ব্যবস্থাপকের মধ্যে স্বার্থের দ্বন্দ্বের একটি বিষয়।"
সুতরাং বলা যায় যে, যৌথ মূলধনি ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষ রয়েছে এবং তাদের ভিন্নতর স্বার্থ রয়েছে, যা থেকে সৃষ্ট সমস্যাসমূহকেই এজেন্সি বা প্রতিনিধি সমস্যা বলা হয়।
উপসংহার
আলোচনার পরিশেষে বলা যায় যে, মূলত এজেন্সি সমস্যাসমূহ হলো এমন একটি বিষয় যেখানে মালিক এবং তাদের নিযুক্ত ব্যবস্থাপকের মধ্যে একধরনের ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্বের প্রতিফলন ঘটে। দুটি পক্ষের মধ্যে সাধারণত নানান ধরনের আর্থিক দ্বন্দ্বের সৃষ্টি হয়ে থাকে।